সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া পঞ্চগড়ের কলেজছাত্র নিশাত ইসলাম (১৬) অবশেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্ত হয়ে তিনি পরিবারের কাছে ফিরে যান।
এর আগে এদিন বিকেলে নারী ও শিশু আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল না হওয়া পর্যন্ত নিশাত জামিনে থাকবেন।
জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের দৃষ্টি আকর্ষণের পর বিষয়টি ভিন্ন মোড় নেয়।
শিক্ষার্থীর বয়স, ভবিষ্যৎ এবং ভুলের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী তাকে ক্ষমা করার সিদ্ধান্ত দেন। পরবর্তীতে বাদীপক্ষ আদালতে জামিনের সুপারিশ করলে আদালত তা মঞ্জুর করেন।
নিশাদের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন বলেন, বিষয়টি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের দৃষ্টিগোচর হওয়। পরে আমি নিজেই আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ নেই আদালতের নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া গ্রহণ করে জামিনের আবেদন করি। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহায়তায় অবশেষে আমরা তাকে আদালতের নির্দেশে কারামুক্ত করতে পেরেছি।
নিশাতের বাবা আশরাফুল ইসলাম ছেলের মুক্তিতে স্বস্তি প্রকাশ করে প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমার ছেলে না বুঝে ভুল করেছে। প্রতিমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, তা আমরা কখনও ভুলব না।’
মুক্তির পর নিশাত নিজেও ভুল স্বীকার করে বলেন, আমি না বুঝে ভুল করেছি। আমাকে ক্ষমা করা হয়েছে, এর চেয়ে বড় কিছু আর নেই।
গত শুক্রবার (২৪ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকা থেকে পুলিশ নিশাতকে গ্রেফতার করে। অভিযোগ ছিল, সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রীর একটি ভিডিও ও ছবি শেয়ার করে তাতে কুরুচিপূর্ণ মন্তব্য যুক্ত করেছিলেন। এ ঘটনায় শনিবার দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন