অবশেষে জয়ের ধারায় ফিরল আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল রশিদ খানের দল। আরব আমিরাতকে হারিয়ে খুললো পয়েন্টের খাতা।

পা ফসকালেই শেষ সুপার এইটের স্বপ্ন— এমন সমীকরণের ম্যাচে আজ সোমবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬০ রান করে আমিরাত। জবাবে ৪ বল বাকি থাকতে জয় পায় আফগানরা। জয়ের নায়ক আজমতুল্লাহ ওমরজাই।

ব্যাটে বলে আজ জ্বলে উঠেন ওমরজাই। ব্যাট হাতে অপরাজিত ২১ বলে ৪০ রান করার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৪ উইকেট।

ওমরজাইয়ের বোলিং তোপের বিপরীতে দাঁড়িয়ে শোয়াইব খানের ৪৮ বলে ৬৮ ও আলিশান শারাফুর ৩১ বলে ৪০ রানে বলার মতো পুঁজি পায় আরব আমিরাত। বাকিদের কেউ ১৩ রানের বেশি করতে পারেননি।

রান তাড়ায় রাহমানুল্লাহ গুরবাজ প্রথম ওভারে (০) ফিরলেও, ইবরাহীম জাদরান পথ দেখান। ছোট ছোট জুটি করে ফেরার আগে ১৩ ওভারে দলকে এনে দেন ৯৭ রান। তিনি আউট হন ৪১ বলে ৫৩ করে।

এরপর দরবেশ রাসুলি ও ওমরজাই মিলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। রাসুলি ২৩ বলে ৩৩ করে আউট হন। তবে জয় নিশ্চিত করে ফেরেন ওমরজাই। বল হাতে আমিরাতের জুনায়েদ সিদ্দিকী নেন ২ উইকেট।

এই জয়ে ৩ ম্যাচ শেষে ২ পয়েন্ট পেল আফগানিস্তান। আছে পয়েন্ট টেবিলের তিনে। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে সবার উপরে দক্ষিণ আফ্রিকা ও ৩ ম্যাচে ২ জয় নিউজিল্যান্ডের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews