ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার দাসুন শানাকা।

গতরাতে চলতি সিপিএলের ২৫তম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলতে নামা শানাকা। এই ইনিংসের মাধ্যমে সিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন শানাকা।

শানাকার আগে যৌথভাবে সিপিএলে দ্রুততম সেঞ্চুরি মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল-শিমরোন হেটমায়ার ও নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। তিনজনই ৪০ বল করে খেলে সেঞ্চুরি করেছিলেন।

ঘরের মাঠ ওয়ার্নার পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট কিটস। ৯ দশমিক ২ ওভারে ৮৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন শানাকা। ব্যাট হাতে প্রমোশন পেয়ে চার-ছক্কার ফুলঝুড়ি ফোটান তিনি।

২৪ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কায় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শানাকা।

ইনিংসের শেষ ওভারের আগে ৯৩ রানে পৌঁছে যান শানাকা। শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কায় সিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। পরের চার ডেলিভারি থেকে আরো ২টি ছক্কা ও ১টি চারে ওভার থেকে ২৮ রান তোলেন তিনি। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে সেন্ট কিটস।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসে ৪৩ বল খেলে ৮টি চার ও ১২টি ছক্কায়, ২৮১ দশমিক ৩৯ স্ট্রাইক রেটে ১২১ রানে অপরাজিত থাকেন শানাকা। সিপিএল ইতিহাসে সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন শানাকা।

জবাবে পেসার জেরেমিয়া লুইসের আগুন ঝরানো বোলিংয়ে ১৩ দশমিক ৫ ওভারে ৯৮ রানে সেন্ট লুসিয়া কিংস গুটিয়ে গেলে সিপিএল ইতিহাসে রেকর্ড ১৩৭ রানের জয় পায় সেন্ট কিটস। সিপিএলে রান বিবেচনায় আগের বড় জয় ছিল ১৩৩ রানের। ২০২৩ সালে বার্বাডোজ রয়্যালসকে হারিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স।

বল হাতে ২ দশমিক ৫ ওভার বল করে মাত্র ১০ রানে ৫ উইকেট নেন সেন্ট কিটচসের লুইস। ম্যাচসেরা হন শানাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews