বলিউড তারকা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। চার বছরের এই প্রেমে নাকি ফাটল ধরেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটকে কেন্দ্র করে এমনই আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। সুজান খানের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর ২০২২ সালে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক আয়োজনে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে এবার হৃতিককে একটি ডেটিং অ্যাপে ‘সিঙ্গেল’ হিসেবে দেখা যাওয়ার দাবি থেকেই নতুন করে তৈরি হয়েছে বিচ্ছেদের জল্পনা। গুঞ্জনের সূত্রপাত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট ঘিরে।
সেখানে ‘রায়া’ নামের একটি ডেটিং ও সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে হৃতিক রোশনের নাম ও ছবি ব্যবহার করা একটি প্রোফাইল দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। প্রোফাইলের বায়োতে অভিনেতা, প্রযোজক, উদ্যোক্তা হিসেবে পরিচয়ও দেওয়া হয়েছে। তবে ওই প্রোফাইলটি সত্যিই হৃতিকের কি না, তা নিশ্চিত নয়। ফলে শুধু এসব স্ক্রিনশটের ভিত্তিতে তার সম্পর্কের অবস্থা নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এর মধ্যেই অভিনেত্রী উর্বশী রাউতেলার পুরোনো একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, হৃতিক রোশন ও আদিত্য রায় কাপুরকে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপে সক্রিয় থাকতে দেখেছেন।
উর্বশীর সেই মন্তব্য এবং নতুন করে ছড়িয়ে পড়া কথিত প্রোফাইলের ছবি- দুইয়ে মিলে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই ফের ‘সিঙ্গেল’ হয়েছেন হৃতিক? যদিও এ বিষয়ে হৃতিক রোশন কিংবা সাবা আজাদের কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ।