প্রায় সাড়ে পাঁচ মাস পর আজ বৃহস্পতিবার হুইলচেয়ারে করে জাতীয় সংসদে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। চিকিৎসা এখনো শেষ হয়নি জানিয়ে তিনি সংসদে একটি আবেগঘন লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, শুধু সহকর্মীদের ভালোবাসার কারণেই চিকিৎসার মাঝপথে সংসদে আসতে হয়েছে তাঁকে।
মির্জা আব্বাস যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সংসদে পিনপতন নীরবতা বিরাজ করছিল। তিনি নিজের আসনে যেতে পারেননি। সরকারি দলের সংসদ সদস্যদের দুই সারির (চলাচলের পথ) মাঝখানে হুইলচেয়ারে বসে তিনি বক্তব্য দেন। দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান পাশের আসন থেকে তাঁকে বক্তব্য দিতে সহযোগিতা করেন। এ সময় প্রধানমন্ত্রীসহ সরকারি ও বিরোধী দলের সদস্যদের আবেগতাড়িত দেখা যায়।