দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে আশাপ্রদ শুরু করলেও শেষটা রাঙাতে পারল না শ্রীলঙ্কা। সুপার এইটে টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হওয়ার পর এবার বড় পরিবর্তনের পথে লঙ্কান ক্রিকেট। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচটিই হতে যাচ্ছে লঙ্কান ডাগআউটে তার শেষ পরিকল্পনা। ২০২৪ সালের জুলাইয়ে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জয়াসুরিয়া। তার অধীনেই ভারতকে হারিয়ে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে লঙ্কানরা। ৩১ মার্চ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও দলের বিশ্বকাপ ব্যর্থতায় আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার অধীনে ৭৪ ম্যাচে ৩৪টি জয় পেয়েছে শ্রীলঙ্কা। বিদায়ি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শিষ্যরা প্রিয় গুরুকে বিদায় দিতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।