জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি এবারের জন্মদিন কাটিয়েছেন বেশ সাদাসিধেভাবে। চলচ্চিত্রের জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নামাজ, মিলাদ ও কোরআন খতমের মতো ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিশেষ দিনটি উদযাপন করেছেন তিনি।



জন্মদিনের প্রথম প্রহরেই নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পপি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটেন তিনি। পারিবারিক আয়োজনে মোট আটটি কেক কাটা হয়। পাশাপাশি তার জন্মদিন উপলক্ষে একটি মসজিদে মিলাদ এবং এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়।



নিজের জন্মদিনের অনুভূতি প্রকাশ করে পপি জানান, রাত ১২টায় নামাজ আদায়ের মাধ্যমে তিনি দিনের শুরু করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন শুরু করতে পেরে ভালো লেগেছে বলেও জানান এই অভিনেত্রী।



জন্মদিনের আনন্দের মধ্যেও প্রয়াত বাবার কথা বিশেষভাবে মনে পড়েছে পপির। তিনি বলেন, বিশেষ এই দিনে বাবাকে অনেক বেশি মনে পড়ছে। একই সঙ্গে জন্মদিনে শুভেচ্ছা জানানো সহকর্মী, বন্ধু, দর্শক-ভক্ত ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সবার কাছে নিজের জন্য দোয়াও চেয়েছেন পপি।



দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের অনুষ্ঠান কিংবা গণমাধ্যমেও আগের তুলনায় তার উপস্থিতি কম। এর মধ্যেই জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করায় আবারও আলোচনায় এসেছেন তিনি।



১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম পপির। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান তিনি। ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘আমার ঘর আমার বেহেস্ত’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের পর ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন পপি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews