আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ে নতুন ইতিহাস গড়েছেন রায়ান রিকেলটন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দ্রুততম শতকের রেকর্ড নিজের করে নেন এই দক্ষিণ আফ্রিকান ওপেনার।

এর আগে মুম্বাইয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল সনাৎ জয়াসুরিয়া ও তিলক ভার্মার দখলে। তারা দুজনই ৪৫ বলে শতক হাঁকিয়েছিলেন। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়াসুরিয়া প্রথম এই কীর্তি গড়েন। চলতি আসরে গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই রেকর্ড ছুঁয়েছিলেন তিলক।

ইনিংসের শুরুতে প্রথম তিন বলে রান করতে পারেননি রিকেলটন। তবে এরপরই গিয়ার বদলে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। প্রাফুল হিঙ্গের ওভারে ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পান তিনি।

পরে প্যাট কামিন্স, সাকিব হুসেইন ও নিতিশ কুমারের ওপর চড়াও হন এই ওপেনার। মাত্র ২৩ বলে ফিফটি পূর্ণ করার পর আরও ভয়ংকর রূপ নেন তিনি। চার-ছক্কার বন্যা বইয়ে ৪৪ বলেই স্পর্শ করেন তিন অঙ্ক।

শতক পূরণের পর কিছুটা ধীর হলেও ইনিংসের শেষ দুই বলে ছক্কা ও চার মেরে দারুণভাবে শেষ করেন রিকেলটন। শেষ পর্যন্ত ৫৫ বলে ১০ চার ও ৮ ছক্কায় অপরাজিত ১২৩ রান করেন তিনি।

এটি শুধু মুম্বাইয়ের দ্রুততম সেঞ্চুরিই নয়, দলটির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও। এর আগে ২০০৮ সালে জয়াসুরিয়ার অপরাজিত ১১৪ রান ছিল সর্বোচ্চ।

রিকেলটনের ঝড়ো সেঞ্চুরি ও অন্যদের অবদানে ৫ উইকেটে ২৪৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডি প্রতিদিন/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews