যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অ্যালান গ্রিনস্প্যান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিনস্প্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী আন্দ্রেয়া মিচেল। এক বিবৃতিতে তিনি জানান, পারকিনসন রোগজনিত জটিলতায় অ্যালান গ্রিনস্প্যানের মৃত্যু হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কয়েক দশক ধরে গড়ে তোলার ক্ষেত্রে গ্রিনস্প্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নিজের ভুল স্বীকার করতেও তিনি সবসময় সৎ ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালান গ্রিনস্প্যানকে দীর্ঘদিন ধরে মার্কিন অর্থনীতির ‘মায়েস্ত্রো’ হিসেবে আখ্যায়িত করা হতো। কারণ, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৯৮৭ সালে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গ্রিনস্প্যান। এরপর ২০০৬ সাল পর্যন্ত প্রায় দুই দশক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকটির নেতৃত্ব দেন তিনি। তার মেয়াদকালে যুক্তরাষ্ট্র এক প্রজন্মের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সম্প্রসারণের সময় অতিক্রম করে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের একাধিক মার্কিন প্রেসিডেন্টের আমলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যালান গ্রিনস্প্যান। তার নীতিগত সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বৈশ্বিক আর্থিক বাজার ও বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণেও গভীর প্রভাব ফেলেছিল।

অর্থনীতি ও আর্থিক খাতে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন এই প্রবীণ অর্থনীতিবিদ। তার মৃত্যুতে বিশ্ব অর্থনীতি অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল। তথ্যসূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews