ভারতের পেসার মোহাম্মদ সিরাজের শেষ ২৪ ঘণ্টা যেন স্বপ্নের মতো কাটল। হঠাৎ করেই টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক, এরপরই মাঠে নেমে উইকেট শিকার—সব মিলিয়ে অভাবনীয় এক অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবারের ম্যাচে ১৯ মাস পর টি–টোয়েন্টি আন্তর্জাতিক খেলতে নেমেই বাজিমাত করেন সিরাজ। নিজের চতুর্থ বলেই উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট নিয়ে ২৯ রান খরচ করে ভারতের সেরা বোলার হন। ১৬১ রানের জবাবে যুক্তরাষ্ট্রকে ১৩২–৮ রানে আটকে রেখে ভারত জেতে ২৯ রানে।
মজার বিষয়, ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে সিরাজকে দলে নেওয়া হয়। ইনজুরিতে ছিটকে যাওয়া হর্ষিত রানার বদলি হিসেবে তাকে স্কোয়াডে যোগ করা হয়। এরপর ভারতের পেস আক্রমণের ভরসা জাসপ্রিত বুমরাহ জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে সুযোগ পান হায়দরাবাদের এই পেসার।
ম্যাচ শেষে সিরাজ বলেন, ‘সত্যি বলতে, গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। ফ্লাইটে বসে ছিলাম, তখনই মনে হচ্ছিল—সবকিছু যেন অবিশ্বাস্য। আল্লাহ আমার ভাগ্য বদলে দিয়েছেন।’
তিনি জানান, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। ঠিক তখনই ফোন আসে অধিনায়ক সূর্যকুমার যাদবের। সিরাজের কথা, ‘সূর্য ভাই বলল, ‘রেডি হও, ব্যাগ গুছাও আর চলে এসো।’ আমি তখন বলছিলাম, ভাই, এভাবে মজা করবেন না। কিন্তু এরপর যা হলো…’
৩১ বছর বয়সী সিরাজ টেস্ট ক্রিকেটে ভারতের নিয়মিত সদস্য। ৪৫ টেস্টে তার শিকার ১৩৯ উইকেট। তবে টি–টোয়েন্টিতে জুলাই ২০২৪–এর পর থেকে তাকে দেখা যায়নি। প্রথমে বিশ্বকাপ দলেও ছিলেন না তিনি।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় সিরাজ পরিকল্পনা করেছিলেন স্পেনে গিয়ে নিজের প্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখবেন। ‘১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল, সেটা দেখতে যাওয়ার কথা ছিল। এরপর রমজান আসছিল, সব কিছু ভেবেই পরিকল্পনা করেছিলাম। কিন্তু আল্লাহ যা লিখে রেখেছেন, সেটাই হয়।’