নয়াদিল্লি, ২৪ আগস্ট – জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল কায়েদার শাখা একিউআইএসের তৎপরতা বৃদ্ধির তথ্য প্রকাশের পর বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জঙ্গিবাদ মোকাবিলায় আগ্রহ প্রকাশ করেছে ভারত।

১৮ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থানের কথা জানান। তিনি বলেন যে সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তার ইস্যুটি সবার জন্যই উদ্বেগের হওয়া উচিত। সন্ত্রাসবাদকে একটি সাধারণ অভিশাপ হিসেবে বর্ণনা করে তিনি এই সমস্যা মোকাবিলায় সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান।

জাতিসংঘের আইএস ও আল কায়েদা সংক্রান্ত বিশ্লেষণমূলক সহায়তা ও নিষেধাজ্ঞা মনিটরিং দলের ৩৮তম প্রতিবেদনে একিউআইএসের নতুন করে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে কি না জানতে চাইলে জয়সওয়াল ইতিবাচক উত্তর দেন।

এ ছাড়া বাংলাদেশে ভারতীয় অর্থায়নে পরিচালিত অবকাঠামো প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন যে ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে একটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।

তিস্তা নদীর পানিবণ্টন সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের অনুরোধের ব্যাপারে মুখপাত্র জানান যে অভিন্ন নদীবিষয়ক সমস্যাগুলো বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান করা হয়। এ লক্ষ্যে যৌথ নদী কমিশন এবং সংশ্লিষ্ট কারিগরি কমিটিগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এস এম/ ২৪ আগস্ট ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews