কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খাল খনন কর্মসুচিকে কেন্দ্র করে বিএনপির দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা বিল সংলগ্ন স্থানে এ পাল্টাপাল্টি ধাওয়া হয়। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকরতা রুপম দাস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জানা যায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের প্রতিষ্ঠিত খন্দকার শামছুল আলম ফাউনেশনের উদ্যোগে সোমবার সকালে খামা বিল-গোলডুবা বিলের দেড় কিলোমিটার খাল খনন ও সংস্কার কর্মসূচির কাজ শুরু হয়। এতে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাসহ কয়েকশ মানুষ।

খনন কর্মসূচি চলাকালে দুপুর ১২টার দিকে স্থানীয় ইউপি সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খুর্শিদ উদ্দিন, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম শাহীন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম সহ বেশ কিছু লোকজন খাল খননে বাধা দেয়। এতে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওয়ার্ড বিএনপির সভাপতি খুর্শিদ উদ্দিন বলেন, এই খালটিতে সরকারের বেশ কিছু খাস জমি রয়েছে। বর্তমান সরকার সারাদেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করলে আমিসহ স্থানীয় লোকজন সংসদ সদস্য বরাবরে একটি লিখিত আবেদন জমা দেই। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে খন্দকার শামছুল আলম ফাউন্ডেশনের লোকজন কাউকে কিছু না বলে নামমাত্র খাল খননের উদ্যোগ নেয় এবং খাল খননের নামে সরকারের জমি দখলের পাঁয়তারা করে। তাই স্থানীয় লোকজনসহ আমরা তাদের জিজ্ঞাসা করতে গেলে তারা আমাদের দিকে চড়াও হয় এবং আমাদের লোকজনের ওপর হামলা চালায়।

এ ব্যাপারে খন্দকার শামছুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা খাল খননের উদ্যোগ নেই। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের লোকজন আমাদের এ কাজে বাধা দেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, আমার লোকজনের বিরুদ্ধে বাধা দেয়ার অভিযোগ ভিত্তিহীন। কেউ যদি খাল খননের জন্য স্বেচ্ছাশ্রম দিতে চায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যে সংগঠনের চেয়ারম্যানের উদ্যোগে এই খাল খনন কর্মসূচির কথা বলা হচ্ছে তিনি নিজেকে বিএনপির নিবেদিত প্রাণ দাবি করলেও গত সংসদ নির্বাচনে তার কোনো ভূমিকা ছিলনা। একাধিকবার ডেকেও তাকে নির্বাচনী কাজে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews