উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের তদন্তে অন্য ১৫ দেশের সঙ্গে বাংলাদেশের নাম আসাটা অস্বস্তির বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ দুপুরে সকালে তিনি প্রথম আলোর কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বাংলাদেশের নাম আসার কোনো যৌক্তিকতা নেই।
পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের বিজ্ঞপ্তি পড়ে আমার কাছে মনে হয়েছে, ১৬ দেশের কোথাও অন্যায্য চর্চা, শ্রম অধিকার লঙ্ঘন, পণ্য উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা প্রদান এবং মেধাস্বত্বের লঙ্ঘনের কোনো ঘটনা ঘটছে কি না, সেসব খতিয়ে দেখতে তারা শুনানি করবে। এমন অভিযোগের প্রমাণ পেলে হয়তো তারা বাড়তি শুল্ক বসাতে পারে।’