বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের টিকিয়ে রাখতে হলে সকল কৃষিপণ্য ও কীটনাশকের দাম কমাতে হবে। সার, বীজসহ কৃষির সকল প্রয়োজনীয় উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে।’
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি খাত। কৃষকরা যদি ন্যায্য মূল্য না পান এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, তাহলে তারা কৃষিকাজে আগ্রহ হারাবে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।’ তাই কৃষকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমি। তিনি তার বক্তব্যে কৃষি উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং মাঠপর্যায়ে কৃষকদের আরো বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ বলেন, ‘কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।’ এজন্য কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী এবং উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রফিকুল ইসলাম খান এরপর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৬ ফাইনাল খেলা উপভোগ করেন। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ছেলেদের খেলায় বাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা বোয়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর মেয়েদের খেলায় কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর সরকারি প্রথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।