চট্টগ্রামের মিরসরাইয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে ছয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি পথসভা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে। ওইদিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠিতব্য পথসভা ও লং মার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী ও মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী।

মিরসরাই উপজেলা জামায়াতের আমির মো: নুরুল কবিরের সঞ্চালনায় লং মার্চের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মো: আলাউদ্দিন সিকদার।

মো: নুরুল কবির বলেন, ‘লং মার্চ কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা থানা পুলিশের সাথে মতবিনিময়সহ সকল প্রস্তুতি নিয়েছি। লং মার্চের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ধুমঘাট সেতু থেকে বড় দারোগারহাট বাজার পর্যন্ত আমাদের নেতাকর্মীরা অবস্থান করবেন। পাশাপাশি মিরসরাই সদরে আয়োজিত পথসভায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নিবেন।’

নুরুল কবির আরো বলেন, ‘একটি সুশৃঙ্খল ও সফল পথসভা আয়োজনের লক্ষ্যে আমরা বিভিন্ন দায়িত্বে একাধিক কমিটি গঠন করেছি। নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কর্মসূচিটি সফল করা হবে।’

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মো: আলাউদ্দিন সিকদার বলেন, ‘চট্টগ্রাম জেলার ২৪টি জোনে নেতাকর্মীরা অংশ নিবেন। এর মধ্যে মিরসরাইয়ের পথসভায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন। ইতোমধ্যে আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বরতদের সাথে মতবিনিময় করেছি। পথসভা ও লং মার্চ ঘিরে যাতে কেউ কোনো কষ্ট না পায় সেদিকে আমাদের নেতাকর্মীরা সচেষ্ট থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, মিরসরাই উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মফিজ উল্ল্যাহ নিজামী, এনসিপির মিরসরাই উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মিরসরাই উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মাঈন উদ্দিন রায়হান, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের ছাত্রবিষয়ক সম্পাদক সাকিব হোসাইন প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews