নাইম হাসান ও হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজেদের তৃতীয় ম্যাচে সাউথ জোনের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ইস্ট জোন।
বল হাতে ৩ উইকেট শিকারের পর ২০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন নাইম। শেষ উইকেটে মুশফিক হাসানকে নিয়ে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইস্ট জোনকে নাটকীয় জয় এনে দেন হাসান। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে অনবদ্য ৩৫ রান করেন তিনি।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় সাউথ জোন। ইনিংসের শুরু থেকে রানের চাকা সচল রাখেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। ৮টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ৫০ রান করেন তিনি।
দলীয় ৭১ রানে ইমন ফেরার পর সাউথ জোনের হয়ে বড় ইনিংস খেলতে পারেনি আর কোন ব্যাটার। লোয়ার অর্ডারে রবিউল হকের ৩১ ও শহিদুল ইসলামের ২৮ রানে সম্মানজনক সংগ্রহ পায় সাউথ জোন।
হাসান ৫৫ রানে ও নাইম ২৪ রানে ৩ উইকেট শিকার করেন।
জবাবে ৩১ রানে দুই ওপেনারকে হারানোর পর ৫২ রানের জুটি গড়েন শাহাদাত হোসেন ও মোমিনুল হক। শাহাদাত ৪২ ও মোমিনুল ২৯ রানে আউট হন। পরের দিকের ব্যাটাররা দলের হাল ধরতে না পারলে ১৪১ রানে নবম উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে ইস্ট জোন।
শেষ উইকেটে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইস্ট জোনকে দুর্দান্ত জয় এনে দেন হাসান ও মুশফিক। ৫টি চারে ৪৫ বলে হাসান ৩৫ ও মুশফিক ৪ রানে অপরাজিত থাকেন।
৩২ রানে ৪ উইকেট নিয়েও সাউথ জোনের হার এড়াতে পারেননি সৌম্য সরকার।
৩ ম্যাচে ১ জয় ও ২ হারে সমান ৪ পয়েন্ট আছে ইস্ট ও সাউথ জোনের। তবে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ইস্ট জোন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল: ৪৩.২ ওভারে ১৮০ (আনিসুল ৫০, সৌম্য ৯, আজিজুল ১৫, আফিফ ২৪, মিঠুন ১০, সোহান ০, মিরাজ ৪, রবিউল ৩১, শহিদুল ২৮, তানভির ০, রুয়েল ০*; হাসান ১০-০-৫৫-৩, মুশফিক ৭-১-৩৪-১, নাঈম ১০-২-২৪-৩, নাসুম ৮.২-১-২৭-২, খালেদ ৮-১-৩৮-১)।
পূর্বাঞ্চল: ৪৭.৩ ওভারে ১৮১/৯ (জাকির ১৬, পারভেজ ৪, শাহাদাত ৪২, মুমিনুল ২৯, ইয়াসির ৬, জাকের ৫, নাসুম ০, নাঈম ২০, খালেদ ৫, হাসান ৩৫*, মুশফিক ৪*; রবিউল ৯.৩-০-৪০-১, মিরাজ ১০-২-৩২-২, শহিদুল ৩-১-১৭-১, রুয়েল ৩-০-১২-০, তানভির ১০-১-২৫-১, আজিজুল ৩-০-১৯-০, সৌম্য ৯-১-৩২-৪)।
ফল: পূর্বাঞ্চল ১ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: হাসান মাহমুদ।