অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তবে ম্যাচটি আয়োজনের জন্য সরকারি অর্থ ব্যয় করতে আগ্রহী নয় সরকার।

বাফুফে স্পন্সরের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারলে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার বাংলাদেশ বক্সিং ফেডারেশনের আয়োজনে কোচেস ট্রেনিং সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাজিলের সম্ভাব্য সফর নিয়ে সরকারের অবস্থান জানান আমিনুল হক। সরকারি অর্থায়নের বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এত টাকা খরচ করার অবস্থায় আমরা নেই।’

আমিনুল বলেন, ‘যেহেতু আপনারা জানেন বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতাও আমাদের ভেতরে নেই।’

তবে বাফুফে স্পন্সর জোগাড় করতে পারলে সরকারের সহযোগিতার দরজা খোলা থাকবে। প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফের সাথে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধিদলের), তারা যদি বিভিন্ন স্পন্সর এনে সেটাকে পূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’

ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা ও বাফুফের সাথে সরকারের আলোচনার বিষয়ে আমিনুল হক বলেন, ‘বিষয়টা একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সাথে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’

বাংলাদেশের ফুটবলের জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য সুফল নিয়েও নিজের মতামত জানিয়েছেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, ‘আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ টিমের সাথে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট।’

তবে শুধু ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচ খেললেই বাংলাদেশের ফুটবলে বড় পরিবর্তন আসবে বলে মনে করেন না তিনি। আমিনুল হক বলেন, ‘কিন্তু আমার বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী না।’

এর কারণ সম্পর্কেও বলেন আমিনুল, ‘হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, মানুষের যে প্রত্যাশা সেটা হয়তোবা পূরণ হবে। দর্শকেরা হয়তোবা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়টার সাথে আমি একমত না।’

আমিনুলের বক্তব্যের পর স্পষ্ট হয়েই গেল, ব্রাজিলের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আলোচনা এগোলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর ব্রাজিল আসলেও সরকারি অর্থে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নেই। বরং যা করার বাফুফেকে স্পন্সরের মাধ্যমেই করতে হবে। এখন দেখার বিষয় বাফুফে সেই ঝুঁকি নেয় কি না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews