পরিবেশে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে সবুজ সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে খুদে ফুুটবলারদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনটির স্বরূপকাঠি উপজেলা শাখার পক্ষ থেকে অনুশীলনরত খুদে ফুটবলারদের হাতে ওই চারা তুলে দেওয়া হয়।
কালের কণ্ঠের প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু’র নেতৃত্বে উপজেলা শুভসংঘের সভাপতি মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ রাজু, সহ সাংস্কৃতিক সম্পাদক মুগ্ধ হাসান ও সদস্য রমজান আলী রাকিব বিতরণ কার্যক্রমে অংশ নেয়।
ফুটবলারদের হাতে আম, জাম, পেয়ারা, কাঁঠাল ও লিচু, সহ বিভিন্ন প্রজাতির ফলের চারা তুলে দিয়ে এগুলোকে রোপণ করে পরিচর্যা করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করে শুভসংঘের সদস্যরা।
বিতরণ কার্যক্রম নিয়ে উপজেলা শুভসংঘের উপদেষ্টা হজরত আলী হিরু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলনের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এরই অংশ হিসেবে শুভসংঘ স্বরূপকাঠি শাখার পক্ষ থেকে আজকে খুদে খেলোয়াড়দের হাতে আমরা বিভিন্ন প্রজাতির ফলের চারা তুলে দিয়েছি। শিশুদেরকে বৃক্ষরোপণে আগ্রহী করে তোলার পাশাপাশি রোপিত গাছ থেকে ফলের চাহিদা মেটানোই আমাদের লক্ষ্য।’
শুভসংঘের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ফুটবল কোচ নাসির আহম্মেদ রফিক ও মো. হুমায়ুন কবীর খোকন বলেন, ‘শুভসংঘের পক্ষ থেকে আজকে আমাদের প্রশিক্ষণার্থী খেলোয়াড়দের মাঝে ফলের চারা বিতরণ করেছে শুভসংঘ। এর ফলে শিশুরা তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পরিবেশের প্রতিও যত্নশীল হতে পারবে।’ শিশুদের মনে বৃক্ষপ্রেমী এমন মনোভাব তৈরি করার জন্য শুভসংঘকে ধন্যবাদ জানান তারা।
বিডি-প্রতিদিন/টিএ