এশিয়া কাপে বল হাতে আগুন ঝরাচ্ছেন মারুফা আক্তার। তার সেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির র‍্যাঙ্কিংয়েও। এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন তিনি, উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা ১৮ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই তরুণ পেসার। মঙ্গলবার মেয়েদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ শেষে এই তথ্য জানায় আইসিসি।

সেখানে মারুফার নামের পাশে যোগ হয়েছে ৬২২ রেটিং পয়েন্ট। এতে র‍্যাঙ্কিংয়ের ১৮তম র‍্যাঙ্কিং ও রেটিং- দু’টিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের মে মাসে ২৩ নম্বরে উঠেছিলেন মারুফা। তখন তার রেটিং ছিল ৬০৬ পয়েন্ট।

চলতি এশিয়া কাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৬ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আরো ধারালো হয়ে ওঠেন। ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। টানা দুই ম্যাচে এমন পারফরম্যান্সের ফলই মিলেছে র‍্যাঙ্কিংয়ে।

মারুফার সাথে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরো কয়েকজনের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেয়া অফ স্পিনার সুলতানা খাতুন এগিয়েছেন ৯ ধাপ। তিনি এখন আছেন ৩৭ নম্বরে।

তবে পিছিয়েছেন রাবেয়া খাতুন ও নাহিদা খাতুন। লেগ স্পিনার রাবেয়া এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে এবং বাঁহাতি স্পিনার নাহিদা চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন।

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের কেউ এখনো সেরা বিশে জায়গা করে নিতে পারেননি। তবে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিন ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি। তিনি এখন ৩৬ নম্বরে। আর দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬২ নম্বরে।

এশিয়া কাপের শুরুতেই মাঠের পারফরম্যান্সে নজর কেড়েছেন মারুফা। এবার র‍্যাঙ্কিংয়েও সেই ছাপ রেখে নিজের ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছে গেলেন বাংলাদেশের এই পেসার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews