ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইতালির ঘটনার বিষয়ে বিস্তারিত জানান অভিনেত্রী।

বাঁধন বলেন, ঘটনার পর ইতালির পুলিশ তাঁকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। তিনি যেখানে গেছেন, নিরাপত্তাকর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন। গত ৮ সেপ্টেম্বর স্থানীয় পুলিশের কাছে এ ঘটনায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বাঁধন বলেন, তাঁকে শুধু গালাগালি বা স্লোগান দেওয়া হয়নি, সরাসরি তাঁর গায়ে হাত তোলা হয়েছে। এ ধরনের আচরণকে তিনি বর্বরতা হিসেবে উল্লেখ করে হামলাকারীদের এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের আচরণের মাধ্যমে তারা নিজেদের জায়গাকেই অনিরাপদ করে তুলছে।

রাজনৈতিক উসকানির বিষয়েও কথা বলেন বাঁধন। তার ভাষ্য, রাজনৈতিক দলের বড় নেতাদের বক্তব্যে সাধারণ মানুষ উত্তেজিত হলেও শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়ে তাদের নিজেদের পরিবার। তাই দলীয় উসকানিতে না জড়িয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার বিশ্ব প্রিমিয়ারে অংশ নিতে ভেনিসে গিয়েছিলেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমাটির প্রদর্শনী হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে একদল মানুষের হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তাঁকে পানি, কোমলপানীয় ও ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর মুঠোফোনও ফেলে দেওয়া হয়। এ সময় তাঁর ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুও সঙ্গে ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews