বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানেশথেসিয়া, এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালকে তার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী পদসংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল বর্তমানে 'বাংলাদেশ সোসাইটি অব অ্যানেশথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স'-এর সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যানেশথেসিওলজি এবং পেইন মেডিসিন গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বে থেকে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে কাজ করে আসছেন।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে তার এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি দেশের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে।