২০১৯ সালে হায়দরাবাদের ধর্ষণ ও হত্যার ঘটনায় শিউরে উঠেছিলেন ভারতের মানুষ। ২৬ বছরের এক পশুচিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনাই কি উঠে আসবে কারিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারনের নতুন ছবি ‘দায়রা’-তে?
ছবিটি পরিচালনা করেছেন ‘রাজি’র পরিচালক মেঘনা গুলজার। ৩১ আগস্ট মুম্বাইয়ে ছবির ঝলক প্রকাশ অনুষ্ঠানে মেঘনাকে প্রশ্ন করা হয়, ‘দায়রা’ কি ২০১৯ সালের হায়দরাবাদের ধর্ষণ ও খুনের ঘটনা অবলম্বনে তৈরি?
এই প্রশ্নের উত্তরে মেঘনা জানান, ছবির গল্প কোন একটি ঘটনা থেকে অনুপ্রাণিত নয়। বরং চিত্রনাট্য তৈরির সময়ে একাধিক ঘটনার দিকে নজর রেখেছিলেন তারা।
মেঘনা বলেন, “আমরা বেশ কিছু সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলছি। শুধু একটি ঘটনার তথ্য ও পরিসংখ্যানের উপর নির্ভর করলে আমাদের ছবির পরিধি খুব সীমিত হয়ে যেত। কারণ আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলছি, সেগুলি দেশের বিভিন্ন প্রান্তে ঘটে।”
মেঘনা আরও বলেন, “এমন নয় যে, শুধু একটি দেশ, রাজ্য বা নির্দিষ্ট কোন অঞ্চলে এই ঘটনা ঘটে। আমরা যে বিষয়গুলির কথা বলছি, সেগুলি সর্বত্রই ঘটে এবং প্রায়ই ঘটে।”
মেঘনা জানান, ছবিটিকে কোন একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি তারা। তার বদলে একাধিক ঘটনার মধ্যে থেকে একটি সাধারণ যোগসূত্র খুঁজে বার করার চেষ্টা করা হয়েছে। সেই সব ঘটনার আবেগ, অপরাধ এবং বিচারব্যবস্থার দিকগুলি একসঙ্গে মিলিয়েই তৈরি হয়েছে ছবির গল্প।
২০১৯ সালে হায়দরাবাদের এই ঘটনায় মহম্মদ আরিফ, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু, জোল্লু শিবা এবং জোল্লু নবীন নামে চার জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের অংশ হিসাবে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় তাদের।