ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল তাইয়ুনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর, আর জয়সূচক গোলটি করেছেন পর্তুগিজ এই তারকা।
ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে সামু কস্তার গোলে সমতায় ফেরে তারা। বিরতির পর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আসে রোনালদোর গোল। মোহাম্মদ সিমাকানের শটের কাছে থাকা রোনালদো পায়ে হালকা স্পর্শে বলটি জালে পাঠান।
এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর এবং শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনালদোর ক্যারিয়ারে এটি ৯৭৮তম গোল। অর্থাৎ ফুটবলের ইতিহাসে অবিশ্বাস্য ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ২২ গোল।
৪১ বছর বয়সেও রোনালদো নতুন মৌসুমে দারুণ ছন্দে আছেন। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে করেছেন দুই গোল। তাঁর গোলেই আল নাসর ধরে রেখেছে লিগে শতভাগ জয়ের রেকর্ড।
চার ম্যাচে চার জয় নিয়ে ১২ পয়েন্টে সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে রিয়াদের ক্লাবটি। শিরোপার লড়াইয়ে আল নাসরের বড় ভরসা রোনালদোর গোল ও নেতৃত্ব।
৯৭৮ থেকে ১,০০০—আর মাত্র ২২ গোল। বয়স ৪১ হলেও রোনালদোর গোলযাত্রা থামছে না; বরং ফুটবল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ব্যক্তিগত মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।