প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ২-২ সমতা। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। ঐতিহাসিক সিরিজটি জিততে মরিয়া দুই দলই।
ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এই প্রথম পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে এই দুই দল। ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ৬৮ রানে জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড।
জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় ম্যাচে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচটি জিতে নেয় তারা ৮ উইকেটে। চতুর্থ ম্যাচে আবার ঘুড়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ১৯ রানে জিতে সিরিজে ২-২ সমতা ফিরিয়ে টিকে থাকে সফরকারীরা।
পঞ্চম ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক জিমি নিশাম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। শেষ ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে চাই। তিন বিভাগে ভাল খেলতে পারলে সিরিজ জয় সম্ভব।’
সিরিজের প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। রোটেশন পদ্ধতির কারণে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া হয় টম লাথামকে। চতুর্থ ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান লাথাম। তাই চতুর্থ ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে ঐ ম্যাচে দলকে নেতৃত্ব দেন নিশাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। তিনি বলেন, ‘সিরিজে পিছিয়ে পড়েও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে তিন বিভাগেই পারফরমেন্স করতে হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদি।’