ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করতে দ্রুত এগিয়ে আসে। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান। পুলিশকে খবর দেয়ার পর বান্দরবান সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিমও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, দুর্ঘটনাস্থল থেকে আমরা অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসের অধিকাংশ যাত্রী ছোটখাটো আহত হলেও, ৫ জন গুরুতর আহত।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, “বাসের চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা ঢাকার রাতের রুটে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনা হয়েছে।”
বাসটিতে থাকা অন্তত ১৫-২০ জন পর্যটক ছোটখাটো আঘাতপ্রাপ্ত হয়েছেন।