যেসব গণতান্ত্রিক নেতা আরও সুন্দর, নিরাপদ ও আশাব্যঞ্জক ভবিষ্যতের বার্তা দেন—যেমনটা যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ‘সম্ভাবনার এক নতুন ভোর’—তাঁরাও কিন্তু আন্তর্জাতিক এই চরম বাস্তবতা থেকে দূরে থাকতে পারছেন না।
গত সপ্তাহে বৈদেশিক নানা টানাপোড়েনে বিশ্ব বন্ড বাজারে যে বড় ধরনের ধস নেমেছে, তাতে বার্নহ্যাম সরকার ক্ষমতা গ্রহণ করতে না করতেই সুদের অস্বাভাবিক বোঝা আর বাড়তি ঋণের ফাঁদে পড়েছে।
অন্যদিকে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে তিনি যখন ইউক্রেন বেছে নিলেন, সেটি প্রতীকী হিসেবে বড় বার্তা দিলেও এক নির্মম সত্যকে উসকে দিয়েছে। ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের জোরালো প্রতিবাদ জানাতে গিয়ে যুক্তরাজ্য এখন মূলত রাশিয়ার সঙ্গে এক পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং সম্ভাব্য হামলার ঝুঁকিতে আছে।
সুযোগ বুঝে আর্জেন্টিনাও যুক্তরাজ্যের প্রতিরক্ষা–দুর্বলতার দিকে নজর দিচ্ছে। বার্নহ্যামের সম্ভাবনার স্বপ্নে নিশ্চয়ই এমন অপ্রিয় পরিস্থিতি ছিল না।