দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাতের এক মনোমুগ্ধকর ছবি প্রকাশ করেছেন মার্কিন মহাকাশ গবেষণা  সংস্থার একজন মহাকাশচারী। মহাকাশ থেকে তোলা ছবিতে অন্ধকারের মধ্যে আলোকিত শহর, হান নদী এবং চারপাশের পাহাড়ি উপত্যকার অনন্য বিন্যাস স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মহাকাশচারী ডন পেটিট সামাজিক যোগাযোগমাধ্যমে মহাকাশ থেকে তোলা সিউলের রাতের একটি ছবি প্রকাশ করেছেন। পৃথিবীর কক্ষপথ থেকে ধারণ করা এই ছবিতে শহরের আলোকসজ্জা এবং প্রাকৃতিক ভূপ্রকৃতির বিশেষ বৈশিষ্ট্য স্পষ্টভাবে দেখা যায়।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় ডন পেটিট জানান, সিউলের ভৌগোলিক গঠন মূলত হান নদী এবং চারপাশের পাহাড়ি উপত্যকার মাধ্যমে নির্ধারিত হয়েছে। হান নদী শহরটিকে দুই ভাগে বিভক্ত করেছে। অন্যদিকে পাহাড়ি উপত্যকার স্বাভাবিক পথ অনুসরণ করেই শহরের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে।

মহাকাশ থেকে তোলা ছবিতে চারপাশের অন্ধকারের মধ্যে সিউলের উজ্জ্বল আলোকরেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এতে হান নদীর গতিপথ এবং পুরো শহরের বিন্যাসও সহজেই বোঝা যায়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। অনেকেই এটিকে মহাকাশ থেকে দেখা এশিয়ার অন্যতম বৃহৎ নগরীর বিরল দৃশ্য বলে মন্তব্য করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, এটি সত্যিই একটি অসাধারণ ছবি। মহাকাশ থেকে সিউলকে এত সুন্দরভাবে দেখা যায়, তা কল্পনাও করিনি। আরেকজন মন্তব্য করেন, উপর থেকে দেখলে হান নদীকে যেন আলোকিত একটি শিরার মতো মনে হচ্ছে।

মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন শহরের এমন ছবি শুধু নান্দনিক সৌন্দর্যই তুলে ধরে না, বরং নগর পরিকল্পনা, ভৌগোলিক বিন্যাস এবং রাতের আলোকসজ্জার ধরন সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা দেয়।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews