মহাকাশে কখনো কখনো এমন শক্তিশালী রেডিও তরঙ্গ বের হয় যা লেজারের মতো আচরণ করে। একে বলা হয় মেগামেজার। এবার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন সবচেয়ে দূরের এমন এক ‘স্পেস লেজার’। এটি পৃথিবী থেকে ৮০০ কোটিরও বেশি আলোকবর্ষ দূরে।

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী রেডিও টেলিস্কোপ MeerKAT এই সংকেত ধরতে সক্ষম হয়েছে। গবেষণার ঘোষণা দিয়েছে সাউথ আফ্রিকান রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি বা সারাও (SARAO)।

বিজ্ঞানীরা জানিয়েছেন, যে গ্যালাক্সি বা ছায়াপথে এই মেগামেজার পাওয়া গেছে, তার নাম HATLAS J142935.3-002836। এটি আসলে দুটি গ্যালাক্সির সংঘর্ষে তৈরি একটি বড় সিস্টেম। সেখানে হাইড্রক্সিল (Hydroxyl) নামের অণু একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে শক্তিশালী রেডিও তরঙ্গ তৈরি করছে। এই তরঙ্গের দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার।

এবারের আবিষ্কারটি এতই উজ্জ্বল যে একে শুধু মেগামেজার নয়, গিগামেজার বলা হচ্ছে। অর্থাৎ সাধারণের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

গবেষক থাটো মানামেলা বলেন, মাঝখানে আরেকটি গ্যালাক্সি লেন্সের মতো কাজ করেছে। এটি গ্র্যাভিটেশনাল লেন্স হিসেবে কাজ করে রেডিও তরঙ্গকে বড় করে দেখিয়েছে। যেমন কাঁচে পানির ফোঁটা থাকলে জিনিস বড় দেখা যায়, ঠিক তেমন।

মাত্র ৪ দশমিক ৭ ঘণ্টা পর্যবেক্ষণেই এই আবিষ্কার সম্ভব হয়েছে। গবেষণাটি প্রকাশের জন্য পাঠানো হয়েছে ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি লেটার্স’ সাময়িকীতে।

বিজ্ঞানীরা বলছেন, আগে এত দূরের মেগামেজার দেখা যায়নি। এবার রেডশিফট (Redshift) ১.০২৭ পর্যন্ত পৌঁছেছে। এটি প্রমাণ করে, মীরক্যাট ভবিষ্যতে আরও দূরের মহাবিশ্ব সম্পর্কে তথ্য দিতে পারবে। এই আবিষ্কার মহাকাশ গবেষণায় নতুন আশা জাগিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews