ঈদে সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুধু মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জনেরও বেশি। ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি ও অসচেতনতার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গত বুধবার ২৭ মে সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ২৮ মে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, ফরিদপুর, নড়াইল, গাইবান্ধা, মাদারীপুর ও নরসিংদীতে এসব দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন সোহাগ (৪০)। সঙ্গে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম ও ছয় বছরের ছেলে আহমদ আলী। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনসহ মোট পাঁচজন নিহত হন। নিহত অন্য দুইজন বাগেরহাটের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬)।

ফয়সাল ছিলেন তামিরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখার শিক্ষার্থী, আর তামিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ঈদের সকালে ঘোরাঘুরি করতে বের হয়ে তারা আর বাড়ি ফিরতে পারেননি।

ঘোড়াঘাটে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের কানাগাড়ি বাজার এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় চার বছরের দুই শিশু—আব্দুল্লাহ ও আরিফা।

ঈদের সকালে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক মুহূর্তেই ঈদের আনন্দ পরিণত হয় শোকে।

ফরিদপুর ভাঙ্গার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সাইফুল মোল্লা (২৫) ও আল ইমরান শরীফ (২৮)। আহত হন আরও দুই আরোহী।

ঈদের সময় মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নড়াইলের লোহাগড়ায় ঢাকা–বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন সাব্বির গাজী (১৮)। আহত হন শওকত হোসেন (১৯)। বিকেলের দিকে আলমুন্সির মোড় এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় থেমে যায় দুই তরুণের স্বপ্নযাত্রা।

গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন মালেকা বেগম (৪৫)। স্থানীয়দের ভাষ্যমতে, ঈদের দিনে যানবাহনের চাপ ও নিয়ন্ত্রণহীন গতি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে পড়ে নিহত হন সাত্তার হাওলাদার (৫৫)।

ঈদের নতুন জামা কিনে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন সাথী বেগম (২৭) ও তার ১৮ মাস বয়সী শিশু সাফওয়ান হাসেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews