মার্কিন-ইসরাইল বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।
মঙ্গলবার (৩ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, ল’ বোর্ডে সচিব উমরাইন মাহফুজ রাহমানি এই আক্রমণকে ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ এবং বিশ্ব শান্তির জন্য একটি গুরুতর হুমকি বলে অভিহিত করেছেন। এবং বলেছেন, এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাহমানি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যেভাবে আগ্রাসন দেখাচ্ছে এবং গাজা ও ফিলিস্তিনে ইসরাইল ক্রমাগত আক্রমণ করছে, তা বিশ্ব শান্তির জন্য হুমকি। এই ধরনের কর্মকাণ্ডের প্রকাশ্য নিন্দা প্রাপ্য। বিশ্ব শান্তি চায়, যুদ্ধ নয়। প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষ সীমার প্রতি শ্রদ্ধাশীল হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের স্বেচ্ছাচারী পদক্ষেপ এবং ইরানের ওপর তাদের আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’
তিনি আরো বলেন, ইরান মাথানত করেনি এবং একজন বিশিষ্ট নেতা (আয়াতুল্লাহ আলি খামেনি) শহীদ হয়েছেন। এটি ইসলামের জন্য এক মর্মান্তিক ক্ষতি। তিনি গর্বের সাথে নিজেকে উৎসর্গ করেছেন এবং অত্যাচারীর সামনে কখনো মাথানত না করার বার্তা দিয়েছেন। তার আত্মত্যাগ কেবল শিয়া সম্প্রদায়কেই নয়; বরং তার অনুসারীরা যেখানেই থাকুক না কেন সমগ্র বিশ্বকে হতবাক করেছে এবং মানুষ ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাজের নিন্দা জানিয়েছে।’
রাহমানি আরো উল্লেখ করেছেন, ‘সত্য ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব সর্বদা অব্যাহত রয়েছে। এখন, আমরা কিভাবে আমাদের জনগণকে রক্ষা করতে পারি এবং আমাদের দেশকে রক্ষা করতে পারি সেটা দেখতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে লোকেরা যখনই সুযোগ পাবে তখনই ক্ষতি করার চেষ্টা করবে।’