আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। যারা সবাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

গতকাল রোববার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

ভোটার তালিকার দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য ইতোমধ্যে ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, আপত্তি এবং তথ্য সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হবে।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।

সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করা হবে এবং ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সর্বশেষ চুড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এই ভোটারদের সঙ্গে নতুন করে নিবন্ধন করায় ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তবে চূড়ান্ত তালিকায় কিছু বাড়তে-কমতে পারে।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি। এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews