দীর্ঘ বিরতির পর ব্যান্ড সিক্স ফিরেছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি’ নিয়ে।
‘আজ এখনো আছি আমি, থাকতে চাই আরও কিছুক্ষণ, দেখতে তোমার নীল নয়ন, হারাব আমি’ দীর্ঘ এক যুগ আগে প্রথমবার এফএম রেডিওতে শোনা গিয়েছিল ব্যান্ড সিক্সের এই গান; কিন্তু বাণিজ্যিকভাবে তা প্রকাশ পায়নি।
এরপর থেমে যায় ব্যান্ডটির পথচলা। সেই অপ্রকাশিত গানটি এবার মিউজিক্যাল ফিল্ম আকারে মুক্তি পেয়েছে। ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ সব গ্লোবাল প্ল্যাটফর্মে মিউজিক্যাল ফিল্মটি দেখা যাচ্ছে শুক্রবার রাত থেকে।
বিজ্ঞপ্তিতে ব্যান্ডটির দলনেতা বেজিস্ট রাকিবুল রোমান্স জানিয়েছেন, ২০১৫ সালের ডিসেম্বরে ব্যান্ডটির পথচলা থেমে যাওয়াই দ্বিতীয় অ্যালবামের কাজও বন্ধ হয়ে যায়। তবে গত বছর থেকে ব্যান্ডটি আবার গানে ফেরে। ব্যান্ডের গিটারিস্ট ও প্রডিউসার রেজোয়ান আশরাফ দেশের বাইরে থেকেই কাজ করছেন। এখন একটি একটি করে একক গান মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘ভালোবাসি’ গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার আরিফ শিশির। গানটি মূলত তার জীবনের একটি সত্য ও বিরহের প্রেমের গল্প নিয়ে আবর্তিত। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন শৌরিন। ব্যান্ড সিক্স তাদের দ্বিতীয় অ্যালবামের প্রথম গান হিসেবে সম্প্রতি ‘এই তো সময় ২’ প্রকাশ করেছে। ‘ভালোবাসি’ হতে যাচ্ছে এই অ্যালবামের দ্বিতীয় গান।
২০১২ সালে তরুণ রক মিউজিশিয়ানদের রিয়েলিটি শো ‘নেসক্যাফে গেট সেট রক’ এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে ব্যান্ডটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ