গোলের পর সাধারণত উচ্ছ্বাসে ভাসেন ফুটবলাররা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করেও উদযাপন করেননি সুইডেনের ইয়াসিন আয়ারি। তার এই নীরবতার পেছনে আছে গভীর পারিবারিক আবেগ।

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ এফের ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা দিয়েছে সুইডেন। তবে বড় জয় ছাপিয়ে ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইয়াসিন আয়ারি।

ম্যাচের সপ্তম মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন আয়ারি। ভিক্টর লিন্ডেলফের লম্বা পাস থেকে তৈরি হওয়া সুযোগে ভিক্টর গিওকেরেস বল বাড়ালে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। এটি ছিল চলতি বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল।

তবে গোলের পর কোনো উচ্ছ্বাস দেখাননি আয়ারি। শান্তভাবেই সতীর্থদের অভিনন্দন জানিয়ে নিজের আবেগ সংযত রাখেন তিনি। তার এই আচরণের পেছনে রয়েছে তিউনিসিয়ার সঙ্গে পারিবারিক সম্পর্ক।

সুইডেনে জন্ম হলেও আয়ারির বাবা মা তিউনিসিয়ান বংশোদ্ভূত। ফলে নিজের শিকড়ের দেশের বিপক্ষে গোল করার পর সম্মান দেখাতেই উদযাপন থেকে বিরত থাকেন তিনি। ফুটবল বিশ্বে সাবেক ক্লাব বা পূর্বসূত্রের দেশের বিপক্ষে গোল করার পর এমন সংযম দেখানোর নজির থাকলেও বিশ্বকাপের মঞ্চে এটি বিশেষভাবে নজর কেড়েছে।

ম্যাচের ৩০ মিনিটে আলেকজান্ডার ইসাক ব্যবধান বাড়ান। এরপর ৪৩ মিনিটে ওমর রেকিকের গোলে ব্যবধান কমায় তিউনিসিয়া, হ্যানিবাল মেজব্রির সহায়তায় স্কোরলাইন দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে আরও শক্তভাবে ম্যাচে ফেরে সুইডেন। ৫৯ মিনিটে ইসাকের পাস থেকে গোল করেন ভিক্টর গিওকেরেস। ৮৪ মিনিটে ম্যাটিয়াস সভানবার্গ স্কোরলাইন ৪-১ করেন।

যোগ করা সময়ে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন আয়ারি। ৯০+৬ মিনিটে তার দ্বিতীয় গোলেই ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে সুইডেন।

পরিসংখ্যানে পুরো ম্যাচেই এগিয়ে ছিল সুইডেন। ১৩টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে, যেখানে তিউনিসিয়ার ৫টির মধ্যে মাত্র ২টি লক্ষ্যে ছিল। আক্রমণ ও পাসিংয়ে ধারাবাহিকতা ধরে রেখেই জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ এফে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ শুরু করল তিউনিসিয়া।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews