ঈদের আয়োজন কিংবা বিশেষ কোনো দিনের খাবারের তালিকায় বিরিয়ানি যেন অলিখিত নিয়ম। তবে পরিচিত স্বাদের বাইরে যদি একটু ভিন্ন ও রাজকীয় কিছু পরিবেশন করতে চান, তাহলে বানাতে পারেন শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি। নরম মসলায় মাখানো গরুর মাংস, ক্রিমি স্ট্রোগানফ সস আর সুগন্ধি বাসমতি চালের দারুণ মিশেলে তৈরি এই বিরিয়ানি স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনি দেখতেও লোভনীয়। রেস্তোরাঁর মতো এই বিশেষ পদটি চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করা সম্ভব। রইলো রেসিপি-
প্রথমেই গরুর মাংস পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার দই, আদা-রসুন, গোলমরিচ, গরমমসলা ও লবণ দিয়ে মাংস ভালোভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দিন ১ ঘণ্টার জন্য। অন্যদিকে কড়াইয়ে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রাখুন। এরপর সেই ঘি’তে মাংস, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি ও মাশরুম দিন। মাংস সেদ্ধ হলে ক্রিম মিশিয়ে ঘন স্ট্রোগানফ গ্রেভি তৈরি করুন।
এরপর হাঁড়িতে স্তর করে এবার উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিন। প্রথমে চাল, এরপর মাংসের গ্রেভি দিন। এর ওপর পেঁয়াজ বেরেস্তা ও জাফরান দুধ দিয়ে দিন। এভাবে আবার আরেকটি স্তর করে চাল, মাংসের গ্রেভি, পেঁয়াজ বেরেস্তা, জাফরান দুধ দিন। ঢেকে অল্প আঁচে ৩০ মিনিট দম দিন। সবশেষে ওপরে ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি।
জেএস/