সময়ের সাথে সাথে নিজেকে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাবর আজম। একের পর এক কীর্তিগাঁথা লিখে যাচ্ছেন ক্রিকেট ইতিহাসের সোনালী পাতায়।
বুধবার রাতেও গড়েছেন তেমনি এক রেকর্ড! ছুয়েছেন ফিফটির সেঞ্চুরি। বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ফিফটি করেছেন বাবর আজম।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রান তাড়ায় ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে এই তালিকায় নাম লেখান পেশাওয়ার জালমির অধিনায়ক।
দলকে ৮ উইকেটের জয় এনে দেয়ার পথে ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন বাবর। এই ইনিংসের মাধ্যমেই ফিফটির সেঞ্চুরির ক্লাবে নাম লেখান তিনি।
পাকিস্তানের হয়ে যদিও এই রেকর্ড নেই আর কারো, তবে ক্রিকেট ইতিহাসে এই কীর্তি আছে আর কেবল তিনজনের- ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও জশ বাটলারের।
গত রোববারই আইপিএলে পঞ্চাশ ছুঁয়ে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেন জস বাটলার। ৪৬৮ ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানের ফিফটি ১০০টি। যেখানে বাবর এই কীর্তি গড়েন ৩৪১ ইনিংসে।
৪০২ ইনিংসে ১০৭টি ফিফটি নিয়ে তালিকার দুই নম্বরে আছেন কোহলি। বুধবার সংখ্যাটা হতে পারত ১০৮, কিন্তু আইপিএলের ম্যাচে গতরাতে ৪৯ রানে আউট হন ভারতীয় এই তারকা।
আর ৪৩৫ ইনিংসে ১১৬ ফিফটি নিয়ে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।