নোয়াখালী অফিস

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে জনসাধারণের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উপজেলার সুধারাম মডেল থানার অধীনে এ পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় ক্যাম্পটি স্থাপন করা হয়। নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন।

জানা যায়, নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলীয় চরমটুয়া, পূর্ব চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে এ ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: লিয়াকত আকবর ও সহকারী পুলিশ সুপার ড. মো: নূরুল হুদা ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘একটি শান্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ নির্মূলে পুলিশ সবকিছুর ঊর্ধ্বে থেকে শতভাগ নিরপেক্ষতার সাথে আইনানুগ দায়িত্ব পালন করবে।’

অনুষ্ঠানে আন্ডারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: শাহজাহান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মাঝি, সহ-সভাপতি আহাম্মেদুল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো: ইমরান হোসেন তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্ডারচর ইউনিয়ন সভাপতি ডা: মো: হানিফ ও স্থানীয় বাংলাবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহাম্মেদ রাশেদসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews