ঢাকা, ১৬ আগস্ট – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পাস বা ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি আবেদন আজ রবিবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আজ বিকেল ৪টা থেকে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বা ক্লাস শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরি করা হবে।

মেধা নম্বর সমান হলে এসএসসি ও এইচএসসির জিপিএ অনুপাত এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। সবকিছু সমান থাকার পরেও যদি একাধিক শিক্ষার্থী থাকে, তবে সে ক্ষেত্রে অপেক্ষাকৃত কম বয়সী শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তির পুরো প্রক্রিয়াটি প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং দুই ধাপের রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন করা হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকছে না। ২০২১ থেকে ২০২৩ সালের এসএসসি এবং ২০২৩ থেকে ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও পছন্দের কলেজের তালিকা এন্ট্রি দিতে হবে। একটি কলেজ থেকে সর্বোচ্চ পাঁচটি বিষয়ে পছন্দক্রম দেওয়া যাবে। দ্বৈত ভর্তির ক্ষেত্রে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews