আমাদের মধ্যে বদ্ধমূল ধারণা হলো—ভালো থাকতে হলে বড় বড় পরিবর্তন দরকার। কিন্তু গবেষণা বলছে, ছোট কিন্তু নিয়মিত পরিবর্তনই সবচেয়ে কাজে দেয়। বিষয়টি প্রমাণিত হয়েছে ফিনল্যান্ডের ঐতিহাসিক ফিঙ্গার স্টাডিতে (ফিনিশ জেরিয়াটিক ইন্টারভেনশন স্টাডি)। ৬০ থেকে ৭৭ বছর বয়সী ১ হাজার ২৬০ জনকে দুই দলে ভাগ করা হয়। একদল দুই বছর ধরে খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের সমন্বয়ে একটি কাঠামোবদ্ধ কর্মসূচিতে অংশ নেয়। অন্য দলটি ছিল নিয়ন্ত্রণ দল, যারা সাধারণ স্বাস্থ্য পরামর্শ পেয়েছিল।
যাঁরা দুই বছর ধরে খাদ্যাভ্যাস, ব্যায়াম ও মানসিক প্রশিক্ষণের সমন্বিত কর্মসূচিতে অংশ নেন, তাঁদের জ্ঞানগত উন্নতি নিয়ন্ত্রণ দলের তুলনায় ২৫ শতাংশ বেশি ছিল।
অর্থাৎ জীবনে ‘ম্যাজিক সমাধান’ বলতে কিছু নেই। বরং ছোট ছোট পরিবর্তন যেমন ভালো খাবার, নিয়মিত ব্যায়াম, নতুন কিছু শেখা এবং সামাজিক সম্পর্ক দীর্ঘ মেয়াদে বড় প্রভাব রাখে। তাই দীর্ঘদিন ভালোভাবে বাঁচতে জীবনে ছোট ছোট পরিবর্তন আনুন।
সূত্র: বিবিসি