ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুধু একটি কমিটির সভাপতি পদ পেয়েছে বিরোধী দল। জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী সংসদীয় কমিটির পদ বণ্টন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল।
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে চারটি কমিটি গঠন করা হয়। এর মধ্য দিয়ে ৫০টি কমিটি গঠন সম্পন্ন হয়। এর মধ্যে একাধিক কমিটির সভাপতি পদে রাষ্ট্রীয় সুবিধাভোগীদের (প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ) সভাপতি করায় উষ্মা প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে কমিটি পুনর্গঠনের সময় বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। এর আগে গত মঙ্গলবারও স্পিকার বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন।
জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী সভাপতির পদ বণ্টিত হলে বিরোধী দল ১৪টি কমিটির সভাপতি পদ পেত। সনদ অনুযায়ী পদ বণ্টন নিয়ে গত ৩০ আগস্ট সংসদে বিতর্ক হয়েছিল। সরকারি দল বলেছিল, বিরোধী দল সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটিতে প্রতিনিধি দিলে তাদের জুলাই সনদ অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়া হবে। তবে বিরোধী দল ওই কমিটিতে প্রতিনিধি দেয়নি। বিরোধী দল শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পদ পেয়েছে। তবে সব কটি কমিটিতেই তাদের একাধিক সদস্য আছে।