বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে। ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতীতেও বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।
রিজভী বলেন, দলের জাতীয় কাউন্সিলের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে। জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে দাবি করে তিনি বলেন, অনেক সংগ্রাম ও শোক ধারণ করে দলটি এগিয়ে চলছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দলটি বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌঁছেছে।