ঢাকা-৬ সংসদীয় এলাকার নানা নাগরিক সমস্যা নিরসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয় নাগরিক সমাজ ও জামায়াত নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সাথে নগর ভবনে এ বৈঠক করেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে প্রতিনিধি দলটি ঢাকা-৬ এলাকার অধিবাসীদের দৈনন্দিন নানা ভোগান্তি ও সমস্যার কথা প্রশাসকের কাছে বিস্তারিত তুলে ধরেন। এ সময় অন্যান্য নাগরিক প্রতিনিধি ও স্থানীয় দায়িত্বশীলদের পাশাপাশি জুলাই শহীদ জুনায়েদ হাসানের পিতা শেখ জামাল হাসান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ডিএসসিসির ৩৪ এবং ৩৭ থেকে ৪৬ নম্বর পর্যন্ত মোট ১১টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ এলাকার প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে অতিমাত্রায় জলাবদ্ধতা, মশার উপদ্রব, মাদকের অবাধ বেচাকেনা, বাসা-বাড়ির ময়লা সংগ্রহে অতিরিক্ত ফি আদায় এবং পার্ক ও খেলার মাঠ দখলের বিষয়গুলো।

যানজট ও যাতায়াত ব্যবস্থার সুনির্দিষ্ট সংকট তুলে ধরে জানানো হয়, ধোলাইখাল রোডে অনিয়ন্ত্রিত ট্রাক পার্কিং, ফুটপাত ও প্রধান সড়ক দখল করে আন্তঃজেলা পরিবহনের মালামাল লোডিং-আনলোডিংয়ের কারণে ৪১, ৪২ ও ৪৪ নম্বর ওয়ার্ডসহ নর্থ সাউথ রোড, নবাবপুর রোড, ইংলিশ রোড ও রায় সাহেব বাজার এলাকায় প্রতিনিয়ত ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া বাহাদুরশাহ পার্ক থেকে লক্ষ্মীবাজার হয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজ সড়ক হকারদের দখলে থাকা এবং ধূপখোলা হয়ে শহীদ আনাস সড়ক দীর্ঘ ৬ মাস ধরে সংস্কারের নামে বন্ধ থাকায় অন্তত ৫০ হাজার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অধিবাসীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

পরিবেশ দূষণ ও অপেশাদার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে প্রতিনিধি দল জানায়, বঙ্গভবনের পাশে ফ্লাইওভারের নিচে অবৈধ মুরগির মার্কেট ও ঠাটারী বাজারের বর্জ্যের কারণে দুর্গন্ধে পরিবেশ আশঙ্কাজনকভাবে দূষিত হচ্ছে। নির্ধারিত স্ট্যান্ডে বর্জ্য না ফেলে উন্মুক্ত রাস্তায় ময়লা ফেলা হচ্ছে। পাশাপাশি পুরান ঢাকার অগ্নিঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম ও কারখানা স্থানান্তর, বুড়িগঙ্গা নদীকে দখল ও দূষণমুক্ত করে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের দাবিও জানানো হয়।

সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার সমালোচনা করে জামায়াত নেতা ড. আব্দুল মান্নান উল্লেখ করেন, ওয়াসা, গ্যাস, বিটিসিএল ও সড়ক বিভাগ সমন্বয় ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করছে। এছাড়া রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি, রাতের বেলায় বৈদ্যুতিক তার কেটে নেওয়া, স্ট্রিট লাইট নষ্ট থাকা এবং দয়াগঞ্জ-রাজধানী মার্কেট সড়কে দিনের বেলাতেও ছিনতাইয়ের মতো ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং বিভিন্ন সেবা সহজীকরণে নিয়মিত নাগরিক শুনানির প্রস্তাবও দেওয়া হয়।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রতিনিধি দলের উত্থাপিত প্রতিটি সমস্যা গুরুত্বের সাথে শোনেন এবং পুরান ঢাকার এসব নাগরিক ভোগান্তি নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বস্ত করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews