বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ ছাড়লেন আফরোজা খানম রিতা। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি নবগঠিত সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর তিনি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান মুন্নু গ্রুপ ও সহযোগী সব প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তিনি নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
শেয়ারবাজারে মুন্নু গ্রুপের তিনটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এগুলো হলো—মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো ও মুন্নু ফেব্রিকস। আজ বুধবার এই তিন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠান তিনটির চেয়ারম্যান পদে বদল হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগপর্যন্ত মুন্নু গ্রুপের পাশাপাশি শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রুপটির তিন কোম্পানির চেয়ারম্যান ছিলেন আফরোজা খানম রিতা।