ভারতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছেন দুই বাংলাদেশি। একজনকে ধরা গেলেও অন্যজন পালিয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ দুই বাংলাদেশিকে গ্রেপ্তর করে।
গ্রেপ্তার দুজন হলেন- আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখ। তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছিল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা নাগাদ ওই দুইজনসহ মোট পাঁচ আসামিকে নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহকুমা আদালতের উদ্দেশে রওনা দেয়। পথে কিছু কাগজপত্রের জেরক্স করানোর জন্য এক পুলিশ সদস্য গাড়ি থেকে নামেন। সেই সুযোগেই দুই বাংলাদেশি আসামি পুলিশের গাড়ি থেকে চম্পট দেয়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই এক পলাতক আসামিকে খুঁজে পায় পুলিশ। তবে মোহাম্মদ রুবেল শেখ খড়খড়ি নদী পার হয়ে গোপালনগর এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এরপর থেকেই জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রায় ছয় ঘণ্টা ধরে জঙ্গলের ভিতরে পলাতক বাংলাদেশি আসামির খোঁজ চলছে। একবার স্থানীয় বাসিন্দারাও জঙ্গলের মধ্যে রুবেলকে দেখতে পান বলে দাবি করা হয়েছে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই ফের জঙ্গলের ভিতরে গা-ঢাকা দেয় সে।
কীভাবে দুই আসামি পুলিশের নিরাপত্তা এড়িয়ে গাড়ি থেকে পালাল, সেই ঘটনায় কোনো অবহেলা ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক মোহাম্মদ রুবেল শেখকে ধরতে জঙ্গলের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
আরটিভি/এমএম
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন