বিশ্বকাপ শুরুর আগেই বিতর্কে জড়িয়েছে পর্তুগাল। চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমে মারামারিতে জড়ালো দলটি। দু’দলের একজন করে দেখেছেন লাল কার্ড। যদিও সব ছাপিয়ে কাঙ্ক্ষিত জয় পেয়েছে পর্তুগাল।

শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিলির বিপক্ষে পর্তুগালের জয় ২-১ ব্যবধানে। গনসালো গুয়েদেস দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেস।

ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে পর্তুগাল। চতুর্থ মিনিটে রুবেন দিয়াসের হেড আটকে দেন চিলি গোলরক্ষক। পাঁচ মিনিট পর রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে বাধা পায়।

১৮ মিনিটে সুযোগ আসে আবার, এই দফায় রোনালদোর শট রুখে দেন গোলরক্ষক। ৩৬তম মিনিটে তো জালেও বল পাঠান তিনি, তবে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।

ম্যাচের সুন্দর আবহ নষ্ট হয়ে যায় বিরতির আগে। বাইলাইনে বল কাড়াকাড়ির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়, দু’দলের খেলোয়াড়রা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মেজাজ হারান রাফায়েল লিও ও চিলির আইভান রোমান।

এক পর্যায়ে মেজাজ হারিয়ে রোমানকে সরাসরি ঘুষিও মেরে বসেন লিও। এই ঘটনায় রেফারি লিও ও রোমান দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান। ফলে ১০ জনের দলে পরিণত হয় উভয় দলই।

উত্তপ্ত এই ঘটনার পর রোনালদোকে তুলে নেন কোচ। তার পরিবর্তে মাঠে আসেন গনসালো গুয়েদেস। ম্যাচের ৫৮ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে ডেডলক ভাঙেন তিনিই, এগিয়ে দেন দলকে।

৭৫ মিনিটে ব্যবধান ২-০ করেন ব্রুনো ফার্নান্দেস। যা দেশের হয়ে নিজের ২৯ নম্বর গোল। এরপর ইনজুরি টাইমে চিলির পক্ষে লুকাস সেপেদা একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।

২-১ গোলে জিতে যায় পর্তুগাল। আগামী বুধবার নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এরপর ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে রোনালদোদের।

এদিকে রাতের অন্য প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews