এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত পাঁচ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২৪.১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

চট্টগ্রাম-১৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের নীতিগত দুর্বলতা, বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যস্ফীতি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বাণিজ্য ঘাটতি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

তিনি আরও জানান, জ্বালানি, খাদ্য ও শিল্প কাঁচামাল আমদানির উচ্চ ব্যয় এবং রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতিও ঘাটতি বাড়ার অন্যতম কারণ।

সংসদে দেওয়া তথ্যমতে, গত পাঁচ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল—২০২০-২১ অর্থবছরে ১৬.২৪ বিলিয়ন ডলার, ২০২১-২২ অর্থবছরে ২৮.১৩ বিলিয়ন ডলার, ২০২২-২৩ অর্থবছরে ২৭.১৮ বিলিয়ন ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ২১.৫০ বিলিয়ন ডলার এবং ২০২৪-২৫ অর্থবছরে ২৪.১৬ বিলিয়ন ডলার।

একই সময়ে রপ্তানি আয় ছিল যথাক্রমে ৪৫.৩৬, ৬০.৯৭, ৫৩.৯২, ৫১.১১ ও ৫৫.১৯ বিলিয়ন ডলার। আমদানি ব্যয় দাঁড়ায় ৬১.৬০, ৮৯.১০, ৭৮.২৯, ৭২.৬১ ও ৭৯.৩৫ বিলিয়ন ডলার।

বাণিজ্য ঘাটতি কমাতে এবং রপ্তানি আয় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে। তবে মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। এই নির্ভরতা কমাতে সরকার অন্যান্য সম্ভাবনাময় খাতে প্রণোদনা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, হিমায়িত খাদ্য ও মাছ এবং প্লাস্টিক খাতে রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ ছাড়া রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে ‘এক জেলা এক পণ্য (ওডিওপি)’ কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় দেশের ৬৪ জেলার মধ্যে ১৪টি পণ্য ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, তুরস্ক ও নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে এফটিএ স্বাক্ষরের বিষয়ে তৃতীয় দফা আলোচনা আগামী ২০২৬ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews