জিতলেই সেমিফাইনাল- এমন সমীকরণের সামনে নিউজিল্যান্ডের সামনে উড়তে থাকা ইংল্যান্ড। ইংলিশদের হারিয়েই পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে মরিয়া কিউইরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কলম্বোয় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড বেঞ্চ ঝালিয়ে দেখতে চায়।
কলম্বোতে বৃষ্টির কারণে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিউজিল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে কলম্বোতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় কিউইরা। অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোলে ম্যাকোঞ্চির লড়াকু জুটির পর স্পিনার রাচিন রবীন্দ্রর বোলিং নৈপুন্যে লঙ্কানদের ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। সেমিফাইনালে খেলতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয় বা অন্তত ১ পয়েন্ট পেলেই হবে কিউইদের।
তবে ইংলিশদের কাছে হেরে গেলেও, সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে নিউজিল্যান্ডের। এজন্য তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে। ২ ম্যাচে ১ পয়েন্ট আছে পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে তাদেরও। তখন রান রেট বিবেচনায় আসবে। আর যদি, শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে সুপার এইট থেকেই বিদায় নেবে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।
তবে রান রেট বা পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সামনে থাকা সমীকরণ- ‘জিতলেই সেমিফাইনাল’, এটিই শতভাগ পূরণ করতে চায় নিউজিল্যান্ড।
দলের অধিনায়ক স্যান্টনার বলেন, ‘আমাদের সামনে সেমিফাইনালে খেলার সহজ উপায় হল- জয়। ইংল্যান্ডের বিপক্ষে আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। শেষ ম্যাচে তিন বিভাগে ভাল পারফরমেন্স করে শেষ চারে নাম লেখাতে চাই আমরা।’
শ্রীলঙ্কাকে ৫১ রানে এবং পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এ কারণে শেষ ম্যাচটি ইংলিশদের জন্য নিয়মরক্ষার। এ ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নিতে চান অধিনায়ক হ্যারি ব্রুক, ‘আমরা শেষ ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটিই সেরা সুযোগ আমাদের।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ১৬টিতে এবং কিউইদের জয় ১০টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় ইংল্যান্ড।
সূত্র: বাসস