কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক। তাঁদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তা ওমর ফারুক আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আমরা আজই পাঠানোর চেষ্টা করছি। তবে এখনো সব কাগজপত্রের কাজ শেষ হয়েছে কি না, নিশ্চিত করে বলতে পারছি না। হয়ে যাওয়া মাত্র আমরা পরিবারকে জানিয়ে দেব।’
মরদেহ পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে ওমর ফারুক আকন্দ বলেন, ‘মরদেহ এখন মর্গে আছে। আমাদের এখান থেকে একটি এনওসি এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে আরেকটি এনওসি প্রয়োজন। এ জন্য ঘটনাস্থলের থানার একটি জিডির কপি প্রয়োজন। সেই জিডির কপি এখনো আমরা হাতে পাইনি। সেটি পেয়ে গেলে আমাদের এনওসি ইস্যু করা সম্ভব হবে। এ কারণে একটু দেরি হচ্ছে।’