সবশেষ ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু এবারের আসরে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। ২০২৬ বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপের মাঝেই বড় সুখবরই পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইতালিয়ান ক্লাব এ এস রোমার সাথে চুক্তি নবায়ন করেছেন তিনি। ইউরোপীয় ফুটবলে আরো এক মৌসুম নিশ্চিত হয়ে গেছে তার।
সোমবার (১৩ জুলাই) দিবালার সাথে নতুন করে এক বছরের চুক্তি সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি। নতুন চুক্তিতে বেতন উল্লেখযোগ্য হারে কমছে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের। সাথে থাকছে আরো এক বছর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি বাড়ানোর সুযোগও। অর্থাৎ নতুন এই চুক্তি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত, চাইলে যা বাড়ানো যাবে ২০২৮ সালের জুন পর্যন্ত।
২০২২ সালে আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে থেকে রোমায় যোগ দেন দিবালা। সিরি আর এই ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৯ ম্যাচে ৪৫ গোল করেছেন তিনি। অভিষেক মৌসুমেই তিনি রোমাকে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছাতে সাহায্য করেন। রোমায় চার মৌসুম কাটিয়েছেন দিবালা। এর মধ্যেই সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি।
তবে গত মৌসুম থেকেই চোটের সাথে লড়াই করেছেন দিবালা। গত মার্চ মাসে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়। যে কারণে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। যা ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বেতন কমিয়ে ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই চুক্তির ফলে রোমার হয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
রোমার আগে টানা সাত মৌসুম খেলেছেন জুভেন্টাসে। এই ক্লাবের হয়েই ২০১৬-১৭ মৌসুমে ফাইনালে উঠেছিলেন দিবালা। ওয়েলসের কার্ডিফে সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরেছিল তার দল।