দেশে আর যেন ‘অন্ধকার ও দুর্দিন’ ফিরে না আসে, সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একসময় বিএনপির লাখো নেতা-কর্মীকে অনিশ্চিত জীবন কাটাতে হয়েছে।
গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
রোববার দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক স্মরণসভায় রিজভী এসব কথা বলেন। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নতুন ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম-খুন ও নির্যাতনের শিকার বিএনপির অসংখ্য নেতা-কর্মীর পরিবার এখনো স্বজন হারানোর বেদনা ও অপেক্ষার মধ্যে রয়েছে। তিনি বলেন, দুঃশাসনের বিরুদ্ধে কথা বললেই মানুষকে নানা ধরনের হয়রানি, নির্যাতন ও নিপীড়নের মুখে পড়তে হয়েছে। এ ধরনের পরিস্থিতি যেন আর ফিরে না আসে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দলটি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন গণতন্ত্র, স্বাধীনতা ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা সুসংহত করার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি।
হারুনুর রশিদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, পুলিশের গুলিতে নিহত এই যুবদল নেতা কিংবা তার মতো আন্দোলনে প্রাণ দেওয়া মানুষ মেট্রোরেল বা পদ্মা সেতুর মতো উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করেননি। তাদের প্রত্যাশা ছিল একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা। তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করা এবং পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাজনৈতিক ও মানবিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এরপর দীর্ঘ সময় ধরে তার পরিবার নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটায়। সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে পরিবারটির জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়। রোববার পরিবারের হাতে ওই বাড়ির চাবি তুলে দেওয়া হয়।