ঢাকা-৯ আসনের ভোট কেন্দ্র থেকে ফুটবল মার্কার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এমন অভিযোগ করেন তিনি। তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। অথচ এমন কোনো নিয়ম নেই, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেয়া হচ্ছে। তাসনিম জারা আরও বলেন, বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? আমি যখন জিজ্ঞেস করছি, তখন কোনো সদুত্তর দিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা। আমি চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। পোলিং এজেন্টদের বের করে দেয়া কোনোভাবে গ্রহণযোগ্য না। আজ সকাল ৮টা ৪০ মিনিটে খিলগাঁও তালতলায প্রাইম স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে নিজের ভোট দেন তাসনিম জারা। এটি ঢাকা-১১ আসন। ফলে নিজে ঢাকা-৯-এর প্রার্থী হলেও ব্যালট পেপারে নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি। ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসনিম জারা।